৬ লাখ মোবাইল অ্যাকাউন্ট বন্ধ


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৫ মে ২০১৫

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বাড়লেও গত মার্চ মাসে বন্ধ করা হয়েছে ৬ লাখ অ্যাকাউন্ট। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন করতে গিয়ে এসব অ্যাকাউন্ট বন্ধ করেছে ব্যাংকগুলো।

এদিকে গত মার্চ মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক গড়ে ৪০৯ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের মাস ফেব্রুয়ারির তুলনায় যা প্রায় ১২ শতাংশ বেশি।
মোবাইল ব্যাংকিংয়ের একজন এজেন্ট নিজ নামে একাধিক অ্যাকাউন্ট খুলে নিবন্ধনহীন গ্রাহকের পক্ষে ঘুষসহ নানা অবৈধ লেনদেনের অভিযোগ উঠলে এ ধরনের লেনদেন মোবাইল ব্যাংকিং নীতিমালার পরিপন্থী উল্লেখ করে একই ব্যাংকে কোনো গ্রাহকের একাধিক অ্যাকাউন্ট না খোলা ও বিদ্যমান অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়ে গত নভেম্বরে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রথম দিকে ব্যাংকগুলো এ নির্দেশনা না মানলেও চলতি বছরের শুরুতে সারাদেশে বিএনপির ডাকা টানা অবরোধের সময় বিভিন্ন নাশকতামূলক কাজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জোগানোর অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কড়াকড়ি আরোপ করলে ব্যাংকগুলো অ্যাকাউন্ট বন্ধ শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, মার্চ মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ৫২ হাজার। আগের মাস শেষে যা ছিল ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার। এ হিসেবে এক মাসের ব্যবধানে অ্যাকাউন্ট কমেছে ৬ লাখ ১৬ হাজার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ব্যাংকিং সেবাবঞ্চিতদের সেবার আওতায় আনার জন্য চালু করা মোবাইল ব্যাংকিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এ মাধ্যম ব্যবহার করে কেউ যেন ঘুষ, সন্ত্রাস বা অবৈধ লেনদেন করতে না পারে সে জন্য সতর্কতা হিসেবে একই ব্যাংকে একজনের একাধিক অ্যাকাউন্ট থাকলে তা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।