গ্রামীণ উন্নয়নে ২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে ২০ কোটি ডলার (প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা) দেবে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংককে বার্ষিক ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এ ঋণ। মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ নিয়ে একটি চুক্তি হয়েছে।
সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ই কাইমস চুক্তি সই করেন।
‘নতুন জীবন লাইভহুড ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের আওতায় আরও গুরুত্বপূর্ণ কাযর্ক্রম বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘প্রভার্টি ম্যাপস’ ব্যবহারের মাধ্যমে দেশের অতিদরিদ্র ২২টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ৫০ লাখ হতদরিদ্র মানুষ উপকৃত হবেন। ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পযর্ন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম বলেন, এটি তৃতীয় পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। দেশের অতিদরিদ্র ২২টি জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় পুষ্টি কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
এসএ/বিএ/আরআইপি