সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৮ মে ২০১৫

টানা তিন সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এ কারণে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে টাকার অংকে লেনদেন বেড়েছে ৭৮৪ কোটি ৯০ লাখ টাকা বা ৫ দশমিক ৭৬ শতাংশ। বেড়েছে সবধরণের সূচক, বাজার মূলধন ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ধারাবাহিক দর পতনে হয়েছে পুঁজিবাজারে। ফলে টানা তিন সপ্তাহ নেতিবাচক ছিল শেয়ারবাজার। তবে গেল সপ্তাহে টানা তিন কার্যদিবস ইতিবাচক থাকায় সপ্তাহ শেষে ঘুরে দাঁড়িয়েছে বাজার।

৩ মে রোববার বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির দিন বন্ধ ছিল পুঁজিবাজার। তাই গেল সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে এক কার্যদিবস দরপতন হলেও তিন কার্যদিবস ঊর্ধ্বমূখী ছিল দেশের শেয়ারবাজার।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ১৭৩ টাকার। আগের সপ্তাহের চেয়ে ৭৮৪ কোটি ৯০ লাখ ২ হাজার ৩২৯ টাকা বা ৫ দশমিক ৭৬ শতাংশ বেশি। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১ হাজার ৩৬৩ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৮৪৪ টাকার।

সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৫ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ১৩ দশমিক শূন্য ১ পয়েন্ট বা শূন্য  দশমিক ৮৪ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১৭ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ।

গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৯ টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আর লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে গেল সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সিএএসপিআই সূচক বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ। আর সিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ২৩ শতাংশ।

সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৪০ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩৫৩ টাকা।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।