রাজনৈতিক সহিংতার প্রভাব রাজস্ব আদায়ে


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৮ মে ২০১৫

চলতি বছরের শুরুতে অবরোধ-হরতাল, রাজনৈতিক সহিংতায় প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়ে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৬ কোটি টাকা। রাজস্ব আদায় সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংতায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। ফলে ভ্যাট ও আয়কর আদায় কম হয়েছে। আর চলতি অর্থবছরের বাকি তিন মাসে রাজস্ব ঘাটতি আরো বাড়ার আশঙ্কা করছেন তারা।

সূত্র জানায়, অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯৭ হাজার ২৭৫ কোটি টাকা। আর এ সময়ে লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৭২৯ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৬ কোটি  টাকা।

তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৬ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ৭৯ হাজার ৪৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

এনবিআরের রাজস্ব আদায় সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, গত নয় মাসে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারলেও আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায়ে বড় ঘাটতি হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বহির্বাণিজ্য পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ২৭ হাজার ৫৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছিল ২৩ হাজার ৬৩১ কোটি টাকা। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সময় ৩৮ হাজার ৭০৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ভ্যাট আদায় হয়েছে ৩৫ হাজার ১১৫ কোটি টাকা।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।