ইউরোপের বাজারে বাড়ছে আম রফতানির সম্ভাবনা


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১২ মে ২০১৫

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ভারতের আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় দেশে উৎপাদিত আম ইউরোপের বাজারে রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয় এর অডিটোরিয়ামে ডিসিসিআই এবং ইউএসএআইডি বাংলাদেশ ভ্যালু চেইনন্স (এভিসি) প্রজেক্ট যৌথভাবে আয়োজিত ‘নিরাপদ আম বাজারজাতকরণের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হোসেন খালেদ বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে কৃষি খাতের অবদান ১৬ দশমিক ৩৩ শতাংশ  হলেও আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পাচ্ছে না। তবে ইউরোপের বাজারে আম রফতানি বাড়াতে পারলে ন্যায্য মূল্য পাবে কৃষক। আম রফতানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায়ে রাখার বিষয়ে এ খাতের ব্যবসায়ীদের আরো সচেতন থাকার আহবান জানান তিনি।

হোসেন খালেদ আম সহ অন্যান্য খাদ্য পণ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণের জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণের আহবান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্ল্যাহ আল মামুন, এনডিসি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ইউএসএআইডি-বাংলাদেশ-এর পরিচালক (ইকোনোমিক গ্রোথ) রামোনা এম ই হ্যামজারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউএসএআইডি বাংলাদেশ ভ্যালু চেইনন্স (এভিসি) প্রজেক্ট-এর প্রধান উইলিয়াম টি লেভিন বলেন, ২০১৩ সালে বাংলাদেশ ১ মিলিয়ন মার্কিন ডলারের আম উৎপাদন করেছে।

তিনি জানান, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি আমের প্রচুর চাহিদা রয়েছে এবং এ বাজারকে ধরতে হলে ভ্যালু চেইন ব্যবস্থাকে আরোও শক্তিশালী করা প্রয়োজন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউএসএআইডি বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বিগত বছর যে যন্ত্রের মাধ্যমে আমে ফরমালিন পরিমাপ কর হয়, সেটি প্রকৃত পক্ষে ফল ও কৃষিপণ্যে ফরমালিন পরিমাপকে যন্ত্র নয়, সে কারণে ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে প্রচুর আম নষ্ট করা হয়।

হেদায়েতউল্ল্যাহ আল মামুন, এনডিসি বলেন, খাদ্য পণ্যের মান নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ খাদ্য নিরপত্তা কর্তৃপক্ষ গঠন করেছে। তিনি এর কার্যক্রম আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ সুস্বাদু আম উৎপাদন করছে এবং বহির্বিশ্বে এর প্রচুর চাহিদা থাকায়, এর গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে আম রফতানির বিষয়ে এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরো সচেতন ও যত্নবান হওয়ার আহবান জানান তিনি।

এসআই/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।