অন্য ব্যাংকের খরচে বিদেশ ভ্রমণে মানা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের
আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো প্রকার ট্রেনিং, সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
এমনকি এসব প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণও করা যাবে না। বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে এক অফিস নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।
আরও পড়ুন
‘পদ্মা ব্যারাজ’ কী, কেন এত আলোচনা
মেয়াদোত্তীর্ণ ঋণের দণ্ড সুদ কমালো বাংলাদেশ ব্যাংক
এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণ করে অথবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহ করে এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চুক্তিবহির্ভূত কোনো বৈদেশিক সেমিনার বা ওয়ার্কশপে অংশ নেওয়া যাবে না।
বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে কোনো সেমিনারে বক্তা হিসেবে অংশ নেওয়া গেলেও আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী বা ফি নেওয়া যাবে না। সামগ্রিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাজের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, এমন যে কোনো আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএআর/কেএসআর