পণ্যের মান রক্ষায় আরো এক ধাপ এগিয়ে গেলো ‘প্রাণ’


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৩ মে ২০১৫

গুণগত মানের পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে আরো এক ধাপ এগিয়ে গেলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ। ‘প্রাণ’-এর পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ও পণ্যের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের বিজ্ঞানসম্মত সেবা দিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার বিসিএসআইআর -এর মিলনায়তনে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।

বিসিএসআইআর এর পক্ষে এর সচিব মো. খলিলুর রহমান ও প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে মান নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মারুফ কবীর চুক্তিতে সই করেন।

এসময় অন্যদের মধ্যে বিসিএসআইআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলেক উদ্দিন, প্রাণ-এর পরিচালক মো. ইলিয়াস মৃধা, কোম্পানি সচিব মো. আমিনুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

আলেক উদ্দিন বলেন, আমরা আনন্দিত, প্রাণ আরএফএল গ্রুপ আমাদের সেবা নিতে এগিয়ে এসেছে। প্রাণ দেশের গর্ব। তারা আজ বিশ্বের অনেক দেশে পণ্য রফতানি করছে। আমাদের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও দক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তাদের মাধ্যমে তাদের পণ্য উৎপাদন ও উন্নয়নে সহায়তা দিয়ে যাবে বলে আশা করি। প্রাণ আরএফএল গ্রুপের প্রয়োজন অনুযায়ী তাদের সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকব।

ইলিয়াস মৃৃধা বলেন, বিসিএসআইআর এর আধুনিক যন্ত্রপাতি আছে। প্রাণ আরএফএল গ্রুপ বিশ্বের ১০৮টি দেশে পণ্য সামগ্রী রফতানি করছে। আমাদের প্রতিনিয়ত নানা দেশ থেকে এ সংক্রান্ত সেবা নিতে হয়। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিসিএসআইআর থেকে এখন আমরা এই সেবা নিতে পারবো। এতে বৈদেশিক মুদা সাশ্রয় হবে।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।