৯৭ হাজার কোটি টাকার বড় এডিপি চূড়ান্ত
৯৭ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে সরকার। স্বাধীনতার পর এতো বড় এডিপি আর দেখেনি বাংলাদেশ। যা বর্তমান সরকারের প্রথম মেয়াদের থেকে বেড়েছে ৪ গুণ। অবশ্য সরকার, এই বিরাট এডিপিকে সফলতা হিসেবেই দেখছে।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক কমিটির (এসইসি) সভায় এটি চূড়ান্ত হয়। তবে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন যোগ করলে এডিপি দাঁড়াবে ১ লাখ ৯৯৬ কোটি টাকা। তবে বিধি মোতাবেক, সংস্থার নিজস্ব অর্থায়ন এডিপির হিসেরের বাইরে থাকে।
এনইসি বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, আমরা ৯২ হাজার ৫শ কোটি টাকার এডিপি নির্ধারণ করেছিলাম। কিন্তু, মন্ত্রণালয় ও বিভাগগুলোর দাবির কারণে এটি আরো সাড়ে ৪ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। ফলে এর পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার কোটি টাকা। আর সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থাকছে ৩ হাজার ৯৯৬ কোটি টাকা।
তবে এতো বড় এডিপি বাস্তবায়ন সম্ভব কিনা তার উত্তরে মন্ত্রী বলেন, এডিপি বাস্তবায়ন করতে পারবো। বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে সম্ভব।
তিনি আরো বলেন, এডিপি বাস্তবায়নে ক্রটিগুলো শুধরানোর কাজ শুরু করব শিগগিরই। আগামী ১লা জুলাই থেকে এডিপি বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার।
সাংবাদিকদের তিনি বলেন, আগে প্রকল্প দীর্ঘায়িত হতো। অনেক সময় ইচ্ছাকৃত ভাবে প্রকল্প দীর্ঘায়িত করা হতো। প্রকল্প পরিচালকরাও (পিডি) অনেক সময় এসব দীর্ঘ করতেন। কারণ প্রকল্পগুলো থেকে তারা নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন। তাই প্রকল্প সংশোধন বন্ধ করা হবে। অপচয় কিভাবে রোধ করা যায় সেটিও দেখা হবে আগামী বছর। পরিকল্পনা মন্ত্রণালয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততার বড় উদাহরণ তৈরি করবে বলেও জানান মন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, সাড়ে ৯২ হাজার কোটি টাকার বাইরে আরো সাড়ে ৫ হাজার কোটি টাকার দাবি নিয়ে মঙ্গলবার আলোচনা হয়। সেখান থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে বিদ্যুৎ বিভাগকে দেওয়া হবে ১ হাজার কোটি টাকা।
এসএ/এএইচ/এসকেডি/আরএস/আরআইপি/আরআই