মাথাপিছু আয় ১৩১৪ ডলার


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৪ মে ২০১৫

বাংলাদেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় এখন ১ হাজার ৩১৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার ৮০ টাকা হিসেবে বাংলাদেশের একজন মানুষ বছরে ১ লাখ ৫ হাজার ১২০ টাকা আয় করেন। গত বছরে মানুষের আয় ছিলো ১ হাজার ১৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় ৯২ হাজার ৫৫২ টাকা। সরকার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মাথাপিছু আয়ের এই পরিসংখ্যান তুলে ধরে।

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের মাথাপিছু আয় এখন ১ হাজার ৩১৪ ডলার। আগে ছিলো ১ হাজার ১৯০ ডলার। সে হিসেবে আয় বেড়েছে ১২৪ ডলার। ২০১২-১৩ অর্থ বছরে আয় ছিলো ১ হাজার ৫৪ ডলার।

তবে মাথাপিছু আয় প্রত্যেক বাংলাদেশির আলাদা বা ব্যক্তিগত আয় নয়। এটি সামগ্রিক আয়, যা মাথাপিছু ভাগ করে দেওয়া হয়। বাংলাদেশে মাথাপিছু আয় ক্রমে বাড়লেও সম্পদের সুষম বণ্টন হচ্ছে না। তাই আয় বৈষম্য থেকেই যাচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের মানুষের আয় অনেক কম। আবার শহরের চেয়ে গ্রামে মজুরির তফাত রয়েছে। আবার উন্নয়ন প্রকল্পের সুফলও দরিদ্র মানুষরা পাচ্ছেন না।

বাংলাদেশে নগরকেন্দ্রিক বিপুল বিত্তশালী তৈরি হয়েছে, কিন্তু কর ফাইলে তারা এসব সম্পদ লুকিয়ে রাখেন। মাথাপিছু আয় বেড়ে যাওয়া দেশের জন্য সুসংবাদ। মধ্য আয়ের দেশে উন্নীত হতে মাথাপিছু আয় বেড়ে যাওয়া বেশ সহায়ক হবে। পর পর তিন বছর গড়ে মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার ওপরে থাকলে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার অন্যতম একটি শর্ত পূরণ হয়।

এসএ/এএইচ/একে/পিআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।