ছুটির দিনে জমজমাট ল্যাপটপ মেলা


প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৫ মে ২০১৫

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘টেকশহরডটকম ল্যাপটপ মেলা ২০১৫’। শুক্রবার ছিল মেলার দ্বিতীয় দিন।

শুক্রবার ছুটির দিন হওয়ায় শিক্ষার্থী, কর্মজীবীসহ সব শ্রেণী-পেশার মানুষ আসার সুযোগ পেয়েছে মেলায়। মেলার স্টলগুলোতে ক্রেতাদের ভীড় যেমন ছিল, তেমনি ল্যাপটপ, নেটবুক, ট্যাবসহ অন্যান্য পণ্যের বেচা-বিক্রিও ভালো ছিল। বিক্রেতারাও তাদের পণ্য বিক্রি করতে পেরে খুশি।

প্রযুক্তিপ্রেমীদের উপস্থিতে মুখরিত হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ। `সবার জন্য ল্যাপটপ` শ্লোগানকে সামনে রেখে শুরু এ মেলায় সেরা ও জনপ্রিয় ব্র্যান্ডগুলো অংশ নিয়েছে। দেশ ও বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো সর্বশেষ এবং আধুনিক ব্র্যান্ড ও মডেলের ল্যাপটপ ও আনুষঙ্গিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে।

অফার, ছাড় আর বাহারী সব উপহার দিচ্ছে মেলায় অংশ নেওয়া ব্র্যান্ডগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে দিনভর ছিল তাদের নানা আয়োজন। আয়োজনে সাড়াও দিয়েছেন ক্রেতারা।

সন্ধ্যায় র‌্যাফল ড্র আর স্ক্র্যাচকার্ড ঘষে যারা বিজয়ী হন তাদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়। এসময় বিজয়ীরা তাদের অভিব্যক্তি জানান। সবাই খুব খুশি বলে জানান।

মেলায় ৫০টি স্টল, সাতটি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নে অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচপি,মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক জেনারেশন, ই-জগত, মাইক্রোল্যাব, এইচপিএস ও গ্যাজেট গ্যালারি।

এবারের মেলার টিকিট বিক্রির আয় থেকে ২৫ শতাংশ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের ও ২৫ শতাংশ দেওয়া হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক সাংবাদিকদের কল্যাণ তহবিলে।

উল্লেখ্য, ১৪ মে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে ১৬ মে শনিবার। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রতিবন্ধী ও মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা তাদের স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

এআরএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।