সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৭ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। ঘোষণার পর প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমান। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর  মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গতদিন অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে ১৪৯ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১৮টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য পাঁচটি সুখবর রয়েছে। এগুলো হলো- করমুক্ত লভ্যাংশের আয়ের সীমা বৃদ্ধি, কর্পোরেট করহার হ্রাস, আইপিওতে ২০ শতাংশ শেয়ার ছাড়ার ক্ষেত্রে কর রেয়াত সুবিধা, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে উৎস কর আদায় থেকে অব্যাহতি এবং ব্যাংক, বীমা কোম্পানি ব্যতিরেকে তালিকাভুক্ত কোম্পানি ১৫ শতাংশের কম লভ্যাংশের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ শতাংশ করারোপ। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থপিত অর্থবিলে এ সব প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।