চালু হলো ডিসিসিআই গুলশান সেন্টার


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৯ জুন ২০১৫

ব্যবসায়ীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর গুলশানে চালু করা হলো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ‘ডিসিসিআই গুলশান সেন্টার’। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডিসিসিআইয়ের নতুন এই সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্ল্যাহ আল মামুন, আইসিসি সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসিসিআইয়ের নতুন এ সেন্টারের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে কেবল ঢাকা চেম্বারের সদস্যরা নন বরং অন্যান্য ব্যবসায়ীরাও এর সেবা গ্রহণ করতে পারবেন। বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় তিনি ঢাকা চেম্বারকে ধন্যবাদ জানান।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ ডিসিসিআই গুলশান সেন্টারকে অন্যান্য বাণিজ্য সংগঠনকে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান।

ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ জানান, এখান থেকে ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীরা ঢাকা চেম্বারের সদস্যপদ গ্রহণের আবেদনপত্র, নবায়ন, সার্টিফিকেট অব অরিজিন (সিও) এবং অন্যান্য ব্যবসায়িক সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, ঢাকা চেম্বার ব্যবসায়ীদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য সবসময় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং তারই ধারাবাহিকতায় ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ উদ্বোধন করা হলো।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহজাহান খান, একেডি খায়ের মোহাম্মদ খান, আলহাজ্ব আব্দুস সালাম, খ. আতিক-ই-রাব্বানী প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।