কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি
ব্যয় কমাতে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ৫০ হাজার কর্মী ছাঁটাই করবে ইউরোপের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি ব্যাংক। মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কাথা জানানো হয়। খবর এএফপি।
খবরে বলা হয়, ব্যয় কমানোর মাধ্যমে মুনাফা বাড়ানোর অংশ হিসেবে বহুজাতিক এ ব্যাংক আগামী দুই থেকে আড়াই বছরে পাঁচ বিলিয়ন ডলার সাশ্রয় করতে চায়। এর অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কিছু দেশে কার্যক্রম বন্ধ, যুক্তরাজ্য থেকে প্রধান কার্যালয় স্থানান্তরের মতো পদক্ষেপ নিতে যাচ্ছে ব্যাংকটি।
বিবৃতিতে আরো বলা হয়, ব্রাজিল ও তুরস্কে ব্যবসা গুটিয়ে নেয়া ছাড়াও বিনিয়োগ ব্যাংক কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে ব্যাংকটি। নিজেদের ব্যবসা কার্যক্রমে আরো গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ হিসেবে এসব পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এশিয়ামুখী ব্যাংকটি এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাজ্যে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বর্তমানে দেশটিতে কর্মীর সংখ্যা ৪৮ হাজার।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে বিশ্বজুড়ে ২ লাখ ৬৬ হাজার কর্মীর ১০ শতাংশ `ট্রান্সফরমেশন সেভিংস` পদক্ষেপের আওতায় কমানো হবে। সঠিক সংখ্যা উল্লেখ না করলেও এ সংখ্যা হবে ২২ থেকে ২৫ হাজার। আর তুরস্ক ও ব্রাজিলে ব্যাংকের কার্যক্রম বিক্রি করে দেয়ার মাধ্যমে ২৫ হাজার কর্মী বাদ যাবেন।
এসকেডি/এমএস