অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিএবি
দেশে প্রতিষ্ঠিত ক্যালব্রিশেন ল্যাবরেটরিগুলোকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানের সক্ষমতা অর্জন করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)।
বুধবার শিল্প মন্ত্রণালয় ভবনে অবস্থিত বিএবি’র কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতির কথা ঘোষণা করেন।
এর আগে ১৭ জুন শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (এপিএলএসি) এর পারস্পরিক স্বীকৃতি বিষয়ক সভায় বিএবি এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, রফতানির ক্ষেত্রে গুণগতমান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড গঠন করা হয়। বিএবি’র ক্যালিব্রেশন ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কার্যক্রম আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাওয়ায় দেশে পরিমাপ ব্যবস্থায় চলমান অসামঞ্জস্যতা ও অসচ্ছতা দূরীভূত হবে। একই সঙ্গে শিল্পকল কারখানা হতে ভোক্তা পর্যায়ে সকলেই সঠিক ও নির্ভুল পরিমাপের নিশ্চয়তা পাবে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের রফতানির ক্ষেত্রে বিদ্যমান কারিগরি ও অশুল্ক বাধা দূর হবে এবং রফতানি বাণিজ্য উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে।
তিনি এ অর্জন ধরে রাখতে বিএবিকে আরো কঠোর নিয়ম নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন।
বিএবি’র মহাপরিচালক মো. আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি উপস্থতি ছিলেন।
শিল্প সচিব বলেন, বর্তমানে বিএবি ২৩টি টেস্টিং, একটি ক্যালিব্রেশন, একটি মেডিকেল ল্যাবরেটরী এবং একটি সার্টিফিকেশন বডিকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। ফলে দেশের ল্যাবরেটরি ও রফতানিকারকগণ উপকৃত হচ্ছেন।
উল্লেখ্য, বিএবি বর্তমানে মেডিকেল ল্যাবরেটরি, সার্টিফিকেশন বডি, ইন্সপেকশন বডি ও হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। এর ফলে বিদেশ থেকে পণ্যের গুণগতমান সনদ নিতে যে অর্থ ও সময় খরচ হয়, তা সাশ্রয় হবে। ইতিমধ্যে বিএবি ২০১৫ সালের ৮ জানুয়ারী টেস্টিং ল্যাবরেটরির সনদ প্রদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
এসআই/এআরএস/পিআর