সয়াবিন তেলের দাম কমল লিটারে ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩০ জুন ২০২১

সয়াবিন তেলের দাম কয়েক দফা বাড়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে লিটারে চার টাকা কমালো ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা এবং খোলা পাম সুপার এক লিটার তেলের দাম পড়বে ১০৮ টাকা।

নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জাগো নিউজকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধক্রমে তেলের মূল্য লিটারে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল ১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এদিকে সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম ১ জুলাই থেকে লিটারে চার টাকা কমানো হয়েছে।

আইএইচআর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।