পুঁজিবাজার থেকে কমেছে রাজস্ব আদায়


প্রকাশিত: ১০:৫০ এএম, ০৪ এপ্রিল ২০১৬

বিনিয়োগকারীদের আস্থার অভাব আর তারল্য সঙ্কটে দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলছে দরপতন। এর ধারাবাহিক প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়ে। এক মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আদায় কমেছে ২ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার টাকা বা ১৮ দশমিক ৭২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় কমে ৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৯২৩ টাকা বা ৩০ দশমিক ৫৪ শতাংশ।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা। ফেব্রুয়ারিতে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ১২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ফেব্রুয়ারির তুলনায় মার্চে রাজস্ব আদায় কমেছে ২ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার টাকা বা ১৮ দশমিক ৭২ শতাংশ।

জানা গেছে, শেয়ারবাজারের আদায়কৃত যে রাজস্ব ডিএসই সরকারের কাছে জমা দেয় তা দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়।

এদিকে মার্চ মাসে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। ফেব্রুয়ারিতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। সেই হিসেবে মার্চে সদস্য প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় কমেছে ৬৪ লাখ ৪৮ হাজার টাকা বা ৭ দশমিক ৪৬ শতাংশ।

উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে মার্চে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ২০ হাজার ৬৯৭ টাকা। যা ফেব্রুয়ারির তুলনায় ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা বা ৪৪ দশমিক ০৩ শতাংশ কম। ফেব্রুয়ারিতে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকা।

উল্লেখ, আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৪-১৫ হিসাব বছরের ফেব্রুয়ারি মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।