ডা. আহমেদ জোবায়েরের ক্ষোভ
সবখানে দুর্নীতি, শুধু ডাক্তারদের দায়ী করা বন্ধ হোক
মালদ্বীপে কর্মরত ওসমানী মেডিকেল কলেজের (এমএজি) সাবেক শিক্ষার্থী ডা. আহমেদ জোবায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দেশের সর্বব্যাপী দুর্নীতি ও কপটতার চিত্র তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, শুধু ডাক্তারদের ওষুধ কোম্পানির প্রলোভনে প্রেসক্রিপশন লেখার অভিযোগ তোলা অন্যায়। কারণ বাংলাদেশে প্রায় সব খাতেই দুর্নীতি ও ঘুষ চলছে প্রকাশ্যে।
ডা. জোবায়ের প্রশ্ন ছুঁড়ে দেন ‘সেবা কি শুধু ডাক্তাররা করবে? দেশের মানুষের সেবা করার দায়িত্ব কি শুধু তাদের ওপরই বর্তায়?’
তার মতে, পুলিশের ঘুষ, ভূমি অফিসের দুর্নীতি, আদালতের মামলা-বাণিজ্য, ব্যবসায়ীদের সিন্ডিকেট, পরিবহন খাতে ভাড়া বাড়ানো, আমলাদের পোস্টিং বাণিজ্য—সবই দেশের বাস্তব চিত্র। অথচ ডাক্তারদের কোম্পানির টাকা খাওয়ার অভিযোগকে বেশি করে প্রচার করা হয়।
তিনি আরও লিখেছেন, হাইকোর্টের আইনজীবী এক লাখ টাকার নিচে ফাইল দেখেন না। এমপি-মন্ত্রীরা কোটি কোটি টাকা পাচার করছেন। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই ক্ষমতায় এসে দেশ লুটেছে। সরকারি চাকরিজীবীরা পদোন্নতি ও পোস্টিং পেতে কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছেন। সাধারণ মানুষ নিজেরাও প্রতিদিন ঘুষ দিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু তখন ডাক্তারদের সমালোচনা করছেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনি নিজেই আপাদমস্তক অসৎ। আপনার পরিবার অসৎ। দেশ দুর্নীতিগ্রস্ত। পুলিশ, বিচারক, আমলা, রাজনীতিবিদ সবাই অসৎ। ডাক্তাররা কি সততার ঠিকাদারি নিয়েছে এদেশে?
ডা. আহমেদ জোবায়েরের এই স্ট্যাটাস এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
এসইউজে/এমআরএম/জিকেএস