৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাদের এ লিখিত পরীক্ষা চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে শুরু করতে চায় পিএসসি।

এদিকে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিতেই লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন জানান, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

জট কাটানোর রোডম্যাপে কী আছে?

বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও লেগে যায় সাড়ে তিন থেকে চার বছর। একই সঙ্গে চলে তিন থেকে চারটি বিসিএসের কার্যক্রম। এতে চাকরিপ্রার্থীরা যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ এবং যথাসময়ে ফল প্রকাশে হিমশিম অবস্থায় সরকারি কর্ম কমিশনও (পিএসসি)।

বেগতিক অবস্থায় ঝুলে থাকা বিসিএসগুলো দ্রুত শেষ করতে চলতি বছরের জুনে রোডম্যাপ ঘোষণা করে পিএসসি। এরপর থেকে রোডম্যাপ মেনে সব বিসিএসের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে শতভাগ সফল সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

ঘোষিত রোডম্যাপে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ফল প্রকাশের যে তারিখ ছিল, সেই তারিখেই তা সম্পন্ন করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী- ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর। নির্ধারিত এ তারিখেই লিখিত পরীক্ষা শুরু হবে বলে আশাবাদী পিএসসি ও চাকরিপ্রার্থীরা।

পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘আমরা রোডম্যাপটা ফলো (অনুসরণ) করার চেষ্টা করছি। জুনে রোডম্যাপ ঘোষণার পর সবই কিন্তু সেটা মেনে করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। আশা করছি, ৪৭তম বিসিএসও রোডম্যাপ মেনে শেষ করা সম্ভব হবে।’

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।