জ্বালানি সংকট
এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকট থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
একই কারণে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে এমন তথ্য ছড়ানো হচ্ছে।
তবে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ‘এহছানুল হক মিলন-মিডিয়া সেল’ পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন।’
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী—এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
এএএইচ/এমকেআর