৫০তম বিসিএস

লিখিত পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পিএসসির একগুচ্ছ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। এদিন সকাল ১০টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হবে। প্রথমদিনে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রিলিতে পাস করা ১২ হাজার ৩৮৫ জন চাকরিপ্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের হলে প্রবেশ করতে হবে। এরপর হলের গেট বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর (সাধারণ ক্যালকুলেটর ছাড়া), ব্যাগ, বই এবং ব্যাংক কার্ডসহ সব ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। হলের গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে।

পরীক্ষা চলাকালে কারও কাছে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পদ-সংশ্লিষ্ট কিছু কারিগরি বিষয়ের ক্ষেত্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিটি পরীক্ষার কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষার্থীদের কান ও মুখ দৃশ্যমান রাখতে হবে। কোনো প্রকার আবরণ রাখা যাবে না। তবে শ্রুতিলেখক প্রয়োজন এমন প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০ শতাংশ। আর কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তা মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।

ঢাকার ৮ কেন্দ্রে পরীক্ষা
পিএসসি জানায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজসহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আসনবিন্যাস করা হয়েছে। অন্য বিভাগীয় শহরগুলোর নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পরীক্ষার্থীরা অংশ নেবেন।

এদিকে, প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ১২ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্র, ১৬ এপ্রিল ইংরেজি, ১৯ এপ্রিল বাংলাদেশ বিষয়াবলি, ২০ এপ্রিল আন্তর্জাতিক বিষয়াবলি এবং ২২ এপ্রিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত। প্রতিটি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।