প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা একদিনে ৪ শিফটে, সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে ১৮ এপ্রিল পরীক্ষা হবে/ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল এ পরীক্ষা হবে। একদিনে চার শিফটে ঢাকায় পরীক্ষাটি নেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনটিআরসিএর ওয়েবসাইটে সময়সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সংস্থাটির ব্যবস্থাপনায় অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর এমসিকিউ পরীক্ষা ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ক-গ্রুপে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্নাতক (পাস) কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ ও চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার উপাধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সুপার পদের পরীক্ষা হবে।

খ-গ্রুপে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক কলেজ, ফাজিল মাদরাসা ও চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনালের সহ-সুপার পদের পরীক্ষা নেওয়া হবে।

গ-গ্রুপে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কামিল মাদরাসা, আলিম মাদরাসা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এবং ভোকেশনালের সুপার পদের পরীক্ষা হতে যাচ্ছে।

ঘ-গ্রুপে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসা, স্নাতক (পাস) কলেজ ও চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সহ-সুপার পদে পরীক্ষা চলবে।

প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

এএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।