আনোয়ারায় অটোরিকশাচালক হত্যার মূল হোতাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১১ মে ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশাচালক আইয়ুব আলী হত্যা মামলার মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মো. জামাল, যিনি ‘গালকাটা জামাল’ নামে পরিচিত, এবং তার সহযোগী রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মো. আব্দুল জব্বার।

পুলিশ জানিয়েছে, নিহত আইয়ুব আলী (৫৫) ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। অটোরিকশাটির মালিক মো. আলী আহম্মেদ। গত ২০ এপ্রিল সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আইয়ুব।

একই দিন দুপুরে আনোয়ারা উপজেলার শেখেরখীল সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ এপ্রিল তার মৃত্যু হয়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, চেতনানাশক দ্রব্য প্রয়োগের কারণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অটোরিকশার মালিক আলী আহম্মেদ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, প্রধান আসামি জামাল দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।