প্রাথমিক বৃত্তির ফল কবে, অপেক্ষায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী
আইনি জটিলতার কয়েক দফায় পিছিয়ে গত ১৫-১৮ এপ্রিল পঞ্চম শ্রেণি শেষ করা শিক্ষার্থীদের ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী।
নির্ধারিত সময়ের (ডিসেম্বর) প্রায় চার মাস পর (এপ্রিলে) অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। ঘোষিত সময় পার হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশ করতে পারেনি। এতে ফল পেতে শিক্ষার্থীদের অপেক্ষা বাড়ছে।
জানা যায়, গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এবছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, খাতা মূল্যায়নসহ সার্বিক কাজে দেরি হওয়ায় এখনো ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। এ কারণে ঠিক কবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তার দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে ঈদের ছুটির আগে অধিদপ্তর থেকে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জাগো নিউজকে বলেন, ‘ফল প্রকাশের একটি লক্ষ্য ঠিক করা হয়েছিল। খাতা মূল্যায়নসহ অনেক কাজ দেরি হওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হবে না।’
ঈদুল আজহার আগে ফল প্রকাশ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ চেষ্টা করছে। হয়তো ঈদের ছুটির আগে এ ফল প্রকাশ করা হতে পারে।’
এএএইচ/ইএ