মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ৫ নির্দেশনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনা ঠেকাতে জরুরি পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা শেষে এসব নির্দেশনা দেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।
প্রতিমন্ত্রীর পাঁচ নির্দেশনা
১. মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।
২. সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে।
৩. কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।
৪. মিড ডে মিল কার্যক্রমের মান ও গুণগতমান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন।
৫. শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয়পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটি গঠন করা হবে। এ কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
এদিকে, সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জা পরবর্তীতে মিড ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএএইচ/এমএএইচ/