এসএসসি-এইচএসসির ফল প্রকাশের সময় কমানো হবে: শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। এ সময় আরও কমিয়ে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষার জন্য আমরা রেজাল্ট দিতে দুই মাস সময় বেঁধে দিয়েছি। তবে সব যখন এডভান্স হচ্ছে, এ সময়ও আরও কমিয়ে আনা হবে। দ্রুত ফল প্রকাশ করা হবে।’
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, খাতা মূল্যায়ন পদ্ধতি সঠিক হতে হবে। আমাদের পরীক্ষকের সংখ্যাও কম। সেটা বাড়াতে হবে। পরীক্ষক বাড়লে ফল প্রকাশও দ্রুত করা সম্ভব হবে।
এসএসসি-এইচএসসি পরীক্ষা শুরু হলে কেন্দ্রগুলোতে ওই বিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে যায়। এ সমস্যা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি। প্রত্যেকটি উপজেলায় আমরা মাল্টিপারপাস পরীক্ষার কেন্দ্র করার পরিকল্পনা হাতে নিয়েছি। এটা করা গেলে সমস্যা কমে আসবে।
এএএইচ/এমএএইচ/