এসএসসির খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন, শাস্তির মুখে শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৯ মে ২০২৬

চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে মো. সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি টাঙ্গাইলের বহুরিয়া চতল বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।

নোটিশে শিক্ষকের উদ্দেশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের (বিষয় কোড-১০৭) উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি ভরাট করা হয়, যার ভিডিও/স্থির চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে তা প্রমাণিতও হয়েছে। আপনার এমন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট অথবা পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।