যশোর বোর্ডে জিপিএ-৫ বেড়েছে


প্রকাশিত: ০৮:২০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৫ হাজার ১৭২ জন বেশি।

তবে এ বছর পাশের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ। যা গত বছরের তুলনায় শূণ্য দশমিক ৯ শতাংশ কম।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে জেএসসি ফলাফল ঘোষণা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
 
ফলাফল সম্পর্কে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, সব স্তরে পরীক্ষার ফলাফল ভাল হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে।

ভাল ফলাফলের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের মতামত গ্রহণ ও প্রশ্ন ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বইমুখী হচ্ছে। এতে ধারাবাহিকভাবে ফলাফল ভাল হচ্ছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর জেএসসি পরীক্ষায় ২ লাখ ১৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৪২৮ জন উত্তীর্ণ হয়েছে।

পাশের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩জন, এ গ্রেড- ৮২ হাজার ৯৩৯জন, এ মাইনস- ৪৪ হাজার ৬৬২জন, বি গ্রেড- ৩৩ হাজার ৯১৬জন, সি গ্রেড- ১৯ হাজার ৪৭১জন ও ডি গ্রেড ৪৩৭ জন পেয়ে উত্তীর্ণ হয়েছে।

২০১৫ সালে বোর্ডে ২ লাখ ৯ হাজার ৮৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৮৩৩ ও ছাত্রী ১ লাখ ৯ হাজার ৫। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৭৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৮৩১জন।

বোর্ডের ফলাফলে দেখা গেছে, এবার বোর্ডের ৯৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এ সংখ্যা ছিল  ৮২৬টি স্কুল। কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠান এবার নেই যশোর বোর্ডে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রকিবুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক এসএম রফিকুল ইসলাম  ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।