পরিবর্তন আসছে বি.এড কোর্সের শিক্ষাক্রমে : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তোলার উপযোগী শিক্ষক তৈরির লক্ষে ব্যাচেলর অব এডুকেশন (বি.এড) কোর্সের শিক্ষাক্রমে পরিবর্তন আনা হচ্ছে বলে জানয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘পরিমার্জিত বিএড শিক্ষাক্রম চূড়ান্তকরণ’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা একটি গতিশীল উন্নয়নধর্মী বিষয়। বিশ্বে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে শিক্ষায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত অর্ধযুগে বাংলাদেশের শিক্ষাখাতে প্রভুত উন্নয়ন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে শিক্ষার মানোন্নয়নের। আর এর মানোন্নয়নের মূল কারিগর হলেন শিক্ষক সমাজ।

তিনি আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সাথে তাল মিলিয়ে যেন তারা ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলতে পারে, এ জন্য তাদের তৈরি করতে শিক্ষাক্রমে এ পরিবর্তন আনা হচ্ছে।

খসড়া চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান তিনি। এছাড়া শিক্ষকতা সবচেয়ে শ্রদ্ধাপূর্ণ পেশা উল্লেখ করে বিএড শিক্ষাক্রমে নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার বিষয়াদি গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন মন্ত্রী।

শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, টিকিউআই-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক, এডিবি প্রতিনিধি এবাদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

উল্লেখ্য, বর্তমান প্রচলিত বিএড শিক্ষাক্রম ২০০৬ থেকে চালু আছে। এতে জাতীয় শিক্ষানীতি ২০১০-এর দৃষ্টিভঙ্গি, মাধ্যমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রম ২০১২-এর চাহিদা, তথ্য প্রযুক্তির আমূল পরিবর্তন ইত্যাদি অন্তর্ভুক্ত নেই। এসব আঙ্গিক শিক্ষাক্রমে ঢুকানো এ উদ্যোগের লক্ষ্য। চলমান একবছর মেয়াদি প্রশিক্ষণ কোর্সকে দু’টি সেমিস্টারে ভাগ করা হবে। প্রথম সেমিস্টারের ব্যাপ্তিকাল হবে- জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় সেমিস্টারের ব্যাপ্তিকাল হবে জুলাই থেকে ডিসেম্বর। প্রশিক্ষণের ফল বিভাগের পরিবর্তে লেটার গ্রেডে প্রকাশ করা হবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।