কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ এএম, ০৬ মে ২০২৬
বনানীর শেরাটন হোটেলে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে আমি যখন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের সঙ্গে কাজ করেছি, তখন কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে থাকতো না। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানেও আমি সচিবকে একই নির্দেশনা দিয়েছি। রুলস অব বিজনেস অনুযায়ী ফাইল দীর্ঘ সময় আটকে থাকার কোনো যৌক্তিকতা নেই।

ইউজিসির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান ইউজিসি চেয়ারম্যান নতুন দায়িত্ব পেয়েছেন। মাত্র ২৯ দিন হয়েছে। তাই এখনই তাকে প্রশ্ন করা ঠিক হবে না। তবে আমরা দ্রুত একটি কার্যকর কাঠামো তৈরি করবো। ১৮০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নতুনভাবে সাজাতে চাই। কারণ, দেরি করলে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না।

ড. এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ জনগোষ্ঠী। এ খাত থেকেই আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা দেখেছি, নর্থসাউথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের ভিসা সমস্যাও রয়েছে, এ বিষয়ে অনেকেই আমাকে জানিয়েছেন। আমরা একটি কমিটি গঠন করবো এবং ১৯৯২ সালের আইন পর্যালোচনা করবো। আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে এগোনো যায়, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি সবসময় বলি- ভালো মডেলগুলো অনুসরণ করতে হবে। যারা ভালো করেছে, তাদের কাছ থেকে শিখতে হবে। আমরা চাই, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেক, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষাবিদরা। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।