ইতিহাসকে উপহাসে পরিণত করা হয়েছে : ঢাবি উপাচার্য
বাংলাদেশের ইতিহাসকে উপহাসে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ ইতিহাস পরিষদ’ আয়োজিত ৪৫তম বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য বলেন, ইতিহাসে ইচ্ছাকৃতভাবে তথ্য বিভ্রাট করা যাবেনা। মহান মুক্তিযুদ্ধের নানা অজানা তথ্য উদ্ঘাটনে ইতিহাসবিদদের নিরলসভাবে কাজ করতে হবে। সত্যকে ধারণ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় ইতিহাসবিদদের কাজ করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রজ্ঞাবান ও সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তব্য দেন। পরিষদের যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষক, গবেষক ও ইতিহাসবিদ এই সেমিনারে অংশগ্রহণ করেন।
এসকেডি/আরআই