‘মন্ত্রী-এমপির ডিও লেটার’ নিয়ে পোস্ট করায় ঢাকা কলেজ শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ এএম, ১৩ মে ২০২৬
ঢাকা কলেজের প্রভাষক আরিফ মোহাম্মদ ফরহাদ/ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি-মন্ত্রীদের ডিও লেটার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ঢাকা কলেজের এক প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)।

ওই শিক্ষকের নাম আরিফ মোহাম্মদ ফরহাদ। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নায়েম সূত্রে জানা গেছে, চলমান ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণরত অবস্থায় গত ৯ মে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন আরিফ মোহাম্মদ ফরহাদ।

পোস্টে তিনি অভিযোগ করেন, এমপি-মন্ত্রীদের ডিও লেটার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তি তা কিনে নিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও দলীয় কর্মীরা এসব ডিও লেটার পান না।

এমন আচরণের পরিপ্রেক্ষিতে পরে সম্প্রতি নায়েম থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারীর জন্য এ ধরনের বক্তব্য শোভন আচরণ, পেশাগত নিরপেক্ষতা, প্রশাসনিক সৌজন্য ও সরকারি চাকরিবিধির পরিপন্থি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশনা এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে বলা হয়েছে।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।