ডুয়েটে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রোববার
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এর বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা (১৪ জুন) রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডসহ মূল ফটকে টানিয়ে দেওয়া হয়েছে।
প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় শিফটে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।
ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০ আসনের বিপরীতে বাছাই করে পাঁচ হাজার ৩৮৩ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। গড়ে প্রতি আসনের জন্য লড়ছে ১০ জন পরীক্ষার্থী।
বিভাগ অনুযায়ী জানা যায়, পুরকৌশল বিভাগে ১২০ আসনের বিপরীতে ১১৯২ জন পরিক্ষার্থী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগে ১২০ টি আসনের বিপরীতে ১৩৯৫ জন প্রতিযোগিতা করছে, যন্ত্রকৌশল বিভাগের ১২০ টি আসনের জন্য লড়ছে ৯৩১ জন পরীক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ আসনের বিপরীতে ৫২৫ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ আসনের বিপরীতে ২৯৭ জন, স্থাপত্য বিভাগে ৩০ আসনের বিপরীতে ২২১ জন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ আসনের বিপরীতে ৮২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসি করার জন্য ডুয়েট একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস