আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে সরকার : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৪ জুন ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকারের আমলে গোলাপগঞ্জে স্কুল-কলেজ ও মাদরাসার যে উন্নয়ন হয়েছে তা বিগত শতবর্ষের চেয়েও বেশি হয়েছে। এ সরকার দেশে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করেছে।

রোববার বিকেলে গোলাপগঞ্জ উপজেলায় আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে শিক্ষা, চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগসহ সার্বিকভাবে অনেক উন্নয়ন হয়েছে। চিকিৎসার অভাবে আর যাতে কোনো মানুষ মৃত্যুবরণ না করে, সেজন্য প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা, মাতৃকালীন ভাত প্রদান করছে বর্তমান সরকার।

মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত সৎ লোকের শাসন ও ইসলামের আইন কায়েম করার নামে বিশ্বের মধ্যে এক নাম্বার দুর্নীতিবাজ রাষ্ট্রে পরিণত করে। ২০১৬ সালের মধ্যে গোলাপগঞ্জের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। আর কোনো ঘর বিদ্যুৎহীন থাকবে না বলেও জানান মন্ত্রী।

আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আরজমন্দ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফজাল হোসেন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।