ঢাকার চাপ কমাতে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০১৬

ঢাকাস্থ বহিঃগমন ও পাসপোর্ট অফিসের চাপ কমাতে দেশে আরো ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটিসহ দেশের বিভিন্ন স্থানে ৬৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইতোমধ্যে ১৫ জেলায় ১৫টি পাসপোর্ট অফিস নির্মাণ কাজ শেষ হয়েছে। বতর্মানে ১৯টি আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণের কাজ চলমান। বাকি ৩৩টি অফিসের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ জেলায় ১৭টি পাসপোর্ট অফিস নির্মাণের জন্য প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে।

সূত্র জানায়, বতর্মানে দেশের বিভিন্ন জেলায় ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণে একটি প্রকল্প চলমান রয়েছে। চলমান এই প্রকল্পটির তুলনায় প্রস্তাবিত প্রকল্পের ভবন নির্মাণে ব্যাপক ব্যয় দেখানো হয়েছে। ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রস্তাবনায় অবকাঠামো নির্মাণে একক মূল্য হিসাব করা হয়েছে ৬২ হাজার ২৪০ টাকা।

অন্যদিকে ১৯টি পাসপোর্ট অফিস নির্মাণে অবকাঠামো নির্মাণে একক মূল্য ছিল মাত্র ১৪ হাজার কোটি টাকা। একই ধরনের নির্মাণ কাজ হলেও একক মূল্য বেড়েছে ৪৮ হাজার ২৪০ টাকা। তবে এ বিষয়ে ইতোমধ্যে আপত্তিও জানিয়েছে পরিকল্পনা কমিশন।

এ বিষয়ে বহিঃগমন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায় ২০১২ সালের জানুয়ারিতে। ফলে চার বছরের ব্যবধানে নির্মাণ সামগ্রীর ব্যয় বৃদ্ধি পাওয়ায় অবকাঠামো নির্মাণ কাজের একক মূল্যে দুটি প্রকল্পের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিবছর বহুসংখ্যক লোক শিক্ষা, চিকিৎসা, পর্যটন এবং কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গমন করে। এদের বেশির ভাগ ঢাকায় বহিঃগমন ও পাসপোর্ট অফিসে ভিড় করে । মূলত এই পরিস্থিতি সামাল দেয়ার জন্যেই আরো ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।