খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০২:৫৩ এএম, ১০ মার্চ ২০২৬

খুলনায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক নারীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নগরীর সোনাডাঙা থানাধীন নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তার সহযোগী পলাতক রয়েছেন।

রোববার (৮ মার্চ) এ ঘটনার পর মাদক নিরাময় কেন্দ্রটি থেকে সোমবার (৯ মার্চ) রাতে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নারী এক কন্যা সন্তানের জননী। রোববার রাত সাড়ে ১০টার দিকে বন্ধু সায়মনের সঙ্গে ভুক্তভোগী নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যান। সেখানে গিয়ে পাওনাদারের কাছে পাওনা ৪ হাজার টাকা দাবি করেন। পাওনাদারের কথিত চাচা পঙ্কজ শিকদারের কাছ থেকে টাকা নিয়ে দেবে বলে ওই ভবনের চিলেকোঠায় নিয়ে যান। পরে ভুক্তভোগীকে সেখানে রেখে সায়মন নিচে চলে যান। এর পর রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহীন ও বন্ধুর কথিত চাচা পঙ্কজ শিকদার ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ওই নারীকে গেটের ভেতরে তালাবদ্ধ রেখে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি জানাজানি হলে ওই নারীর স্বামী পুলিশকে জানালে পুলিশ ওই নারীর সন্ধানে সোনাডাঙ্গা থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনে যায়। নিরাময় কেন্দ্রের মূল ফটক তালাবদ্ধ থাকায় পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। ধর্ষণের শিকার নারীকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে স্বামীর হেফাজতে দেওয়া হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

আরিফুর রহমান/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।