হাওরকেন্দ্রিক পর্যটন গড়ে তোলা হবে : মেনন


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার হাওর এলাকার উন্নয়নে খুবই আন্তরিক। সুনামগঞ্জে হাওরকেন্দ্রিক পর্যটন গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এজন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জে একটি প্রতিনিধি দল পাঠানো হবে।

মঙ্গলবার বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গুয়ার হাওর, বারিকের টিলা ও যাদুকাটা নদীক ঘিরে পর্যটন শিল্প বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। এই এলাকা পর্যটন এলাকা হিসেবে ধীরে ধীরে সকল সরকারি সুযোগ-সুবিধা পাবে।

মন্ত্রী আরো বলেন, লোক সংস্কৃতি সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে। এখানকার লোককবিদের সৃষ্টিকর্ম ধরে রাখতে হবে। তাদের জীবন-দর্শনের চর্চা করতে হবে।

হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।