ওয়াসিকা নুযহাতের উপন্যাস ‘মেঘপিয়াসী মন’
‘অক্টোবর রেইন’, ‘বৃষ্টিমহল’ এবং ‘হৃদয়াক্ষী’র মতো পাঠকনন্দিত উপন্যাসের পর প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ওয়াসিকা নুযহাতের নতুন উপন্যাস ‘মেঘপিয়াসী মন’। বইটি প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনী ‘বর্ষাদুপুর’। প্রচ্ছদ করেছেন শিল্পী আশরাফুল ইসলাম।
দুজন বিপরীত মেরুর মানুষের হৃদয়ের টানাপোড়েন এবং সুখের প্রকৃত সন্ধানের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এর কাহিনি। মূল চরিত্র পৃথিলা। প্রাচুর্য আর সব পেয়েছির জগতে থেকেও তার মন খুঁজে বেড়ায় অলৌকিক প্রশান্তি। পার্থিব সুখ ছেড়ে সে নিজেকে সঁপে দিতে চায় মেঘের ব্যাপ্তি আর বিশালতার কাছে। লেখক এখানে প্রশ্ন তুলেছেন, সুখ কি কেবল অর্থবিত্তে, নাকি মনের গভীরে লুকিয়ে থাকা কোনো গুপ্ত কুঠুরিতে?
নতুন বই প্রসঙ্গে লেখিকা ওয়াসিকা নুযহাত বলেন, ‘সুখ জিনিসটা আসলে কোথায় থাকে? সবকিছু থাকার পরেও কেন কিছু মানুষ মনের গভীরের সেই অলৌকিক কুঠুরির সন্ধান পায় না? পৃথিলার জীবনের এই মেঘ ছোঁয়ার গল্পটি পাঠকদের মনে রেখাপাত করবে বলে আমার বিশ্বাস।’
প্রকাশনী সূত্রে জানা গেছে, বইটির মুদ্রিত মূল্য ৭০০ টাকা। তবে পাঠকদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বর্ষাদুপুর। তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করলে পাঠকরা বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করতে পারবেন।
এসইউ