বইমেলায় পাওয়া যাচ্ছে স্বপন ভঞ্জের ‌‘জোনাকী সন্ধ্যা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২৬
ফাইল ছবি

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি স্বপন ভঞ্জের প্রথম কাব্যগ্রন্থ ‘জোনাকী সন্ধ্যা’। বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন আফসিন রেজা। ৪৮ পৃষ্ঠার বইটিতে মোট ৩৮টি কবিতা স্থান পেয়েছে। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

বই সম্পর্কে কবি স্বপন ভঞ্জ বলেন, ‘লোকসংস্কৃতি গবেষক কাদের পলাশ ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের পরামর্শে এবং উৎসাহে আমার কবিতাগুলো বই আকারে প্রকাশের উদ্যােগ নিয়েছি। তাদের অনুপ্রেরণায় ‘জোনাকী সন্ধ্যা’ কাব্যগ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই উদ্বেলিত ও কৃতার্থ। আমি চেষ্টা করেছি লেখকজীবনের সঞ্চিত শব্দগুচ্ছ পাঠকের কাছে পৌঁছে দিতে। কতটুকু পেরেছি এর বিচারভার পাঠকের হাতে।’

সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ ও পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান বলেন, ‘স্বপন ভঞ্জ মেঘনা-তীরের উজ্জ্বল মানুষ। সাহিত্যের প্রতি তার নিবেদন ও একনিষ্ঠতা আমাদের মুগ্ধ করে। তিনি জীবনের ৭১ বছর অতিক্রম করেছেন। অথচ সাহিত্যাঙ্গনে রয়েছে তার সরব পদচারণা। বয়সের শৃঙ্খল তাকে কাবু করতে পারেনি।’

তারা বলেন, ‘সাহিত্য একাডেমির সাহিত্য সভায় তিনি দীপ্তকণ্ঠে কবিতা পড়েন, আলোচনা করেন। আবার স্মৃতিচারণায় তার মুখ তরুণের মতো উজ্জ্বল হয়ে ওঠে। এ সবকিছুই আমাদের কাছে উপভোগ্য। তার প্রথম কাব্য ‘জোনাকী সন্ধ্যা’ প্রকাশ হচ্ছে। এ সংবাদে আমরা অত্যন্ত আনন্দিত। তার বইটির পাঠকপ্রিয়তা কামনা করি।’

স্বপন ভঞ্জ মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক। চাঁদপুরের মতলব দক্ষিণের পূরণ কাশিমপুর গ্রামে জন্ম নেওয়া স্বপন ভঞ্জ ১৯৭২ সাল থেকে লেখালেখি শুরু করেন। রূপসী চাঁদপুর ও চাঁদপুর কণ্ঠে তার লেখা ছাপা হতো নিয়মিত। এ ছাড়া আঞ্চলিক নানা সাহিত্যপত্র ও দুবাই থেকে প্রকাশিত সোপান ম্যাগাজিনেও অনেক লেখা প্রকাশিত হয়েছে।

স্বপন ভঞ্জ সাহিত্য একাডেমি চাঁদপুরের সাধারণ সদস্যসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। সাহিত্যাঙ্গনে তার পদচারণা বেশ সরব। সাহিত্য একাডেমির সাহিত্য সভায় প্রায় নিয়মিতই কবিতা পড়েন, আলোচনাও করেন। একাডেমির সেরা আড্ডারুও নির্বাচিত হয়েছেন একাধিকবার।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।