শাহরুখ খান কি রোজা রাখেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর দরজায় আসে পবিত্র মাহে রমজান। আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এই মাসে বিশ্বজুড়ে মুসলমানরা সিয়াম সাধনায় মগ্ন থাকেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, সেহরি ও ইফতার, তারাবিহ নামাজ- সব মিলিয়ে রমজান হয়ে ওঠে আধ্যাত্মিক অনুশীলনের অনন্য সময়।

এই পবিত্র মাসে তারকাদের ধর্ম পালন ও রোজা রাখা নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান। একজন মুসলিম হলেও বেশ উদার জীবন যাপন করেন তিনি। তবে তিনি কি রোজা রাখেন? সেই প্রশ্ন করে থাকেন ভক্তরা।

গেল বছরের মার্চ মাসে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন রমজানে তিনি অধিকাংশ রোজা রাখেন। তবে শারীরিক সমস্যার কারণে মাঝে মধ্যে দু-একটি রোজা বাদ পড়ে যায়।

২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির পর ভক্তদের সঙ্গে এক সাক্ষাতে রোজা রাখা নিয়ে প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, পিঠের ব্যথার কারণে কখনও কখনও ওষুধ খেতে হয়, তাই কয়েকটি রোজা রাখা সম্ভব হয় না। তবুও তিনি চেষ্টা করেন যতটা সম্ভব রোজা আদায় করতে।

ধর্মীয় পরিচয় নিয়ে নানা সময় সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান সম্পর্কে সব সময়ই খোলামেলা ছিলেন এই তারকা। ঈদের দিনে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, রমজানে ইফতার আয়োজনে অংশগ্রহণ, এসবের মাধ্যমে তিনি নিজের ধর্মীয় চর্চার কথাই জানান দেন।

ব্যস্ত তারকাজীবনের মাঝেও রমজানের আমেজ ও ইবাদতের গুরুত্ব ভুলে যান না শাহরুখ খান। এটাই তার ভক্তদের কাছে বিশেষ বার্তা হয়ে উঠেছে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।