অরিজিতের বাড়িতে তিন দিন, কী বার্তা দিলেন আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
অরিজিৎ সিং ও আমির খান। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির শুরুতেই মুম্বাই থেকে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে পাড়ি দেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। টানা তিন দিন কাটান সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বাড়িতে। আর সেই সফর ঘিরেই শুরু হয় জোর আলোচনা।

কিছু দিন আগেই অরিজিৎ ঘোষণা করেছিলেন, তিনি আর হিন্দি সিনেমায় গান গাইবেন না। ফলে অনেকেই মনে করেছিলেন, হয়তো সেই সিদ্ধান্ত বদলাতেই অরিজিতের সঙ্গে দেখা করতে গিয়েছেন আমির। তবে পরে জানা যায়, সফরের মূল কারণ ছিল কাজ।

আমিরের ছেলে জুনেইদ খানের নতুন সিনেমা ‘এক দিন’র গান রেকর্ডের জন্যই জিয়াগঞ্জে যান তিনি। সিনেমায় অভিনয় করেছেন জুনেইদ ও সাই পল্লবী। সুরকার রাম সম্পত এবং পরিচালক সুনীল পাণ্ডেসহ একটি ছোট টিম নিয়েই অরিজিতের বাড়িতে হাজির হন আমির। পরে তার প্রযোজনা সংস্থার তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি মিউজ়িক ভিডিও। সেখানে সিনেমার দৃশ্য নেই, বরং দেখা যাচ্ছে অরিজিতের বাড়ি ও পাড়ায় আমিরের কাটানো নানা মুহূর্ত। ভিডিওতে অরিজিতের উদ্দেশে আমিরকে বলতে শোনা যায়, ‘তুমি হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? কেন? এবার আমাদের কী হবে!’ প্রশ্ন শুনে হাসিমুখে মাথা নাড়তে দেখা যায় অরিজিতকে।

ভিডিওতে আরও ধরা পড়ে আমিরের একেবারে সহজ সরল রূপ-কখনো ঘুড়ির কল হাতে, কখনও মাটিতে পাতা পেড়ে সকলের সঙ্গে খাওয়াদাওয়া। বিদায়ের সময় অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করতে গেলে পাল্টা আমিরও তাকে প্রণাম করেন। শেষ দৃশ্যে দেখা যায় জুনেইদ ও সাই পল্লবীর সিনেমার একটি ঝলক। এরই মধ্যে ভিডিওটি অনুরাগীদের মন কেড়েছে।

আরও পড়ুন:
৯ কোটির চেক বাউন্স মামলা, রাজপাল ইস্যুতে জড়ালেন অমিতাভ
‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা

এর আগে লাল সিংহ চড্ডা সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন আমির ও অরিজিৎ। ওই সিনেমায় আমিরের ঠোঁটে শোনা গিয়েছিল অরিজিতের কণ্ঠ। সেখান থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। বিভিন্ন সাক্ষাৎকারে আমির একাধিকবার জানিয়েছেন, তিনি অরিজিতের গানের ভক্ত।

সব মিলিয়ে, জিয়াগঞ্জ সফর নিয়ে জল্পনার অবসান হলেও আমিরের বার্তা স্পষ্ট-অরিজিতের কণ্ঠ হিন্দি সিনেমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি প্রকাশ্যেই বুঝিয়ে দিলেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।