এখন কেমন আছেন সালমান খানের বাবা সেলিম খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১২ মার্চ ২০২৬
সেলিম খান ও সালমান খান। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন সালমান খানের বাবা বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে অভিনেতা ও নির্মাতা আরবাজ খান।

বুধবার (১১ মার্চ) রাতে মুম্বাইয়ে একটি ইফতার পার্টি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরবাজ খান। সে সময় তিনি জানান, তার বাবা এখন আগের চেয়ে ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন-এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘শিগগিরই।’

৯০ বছর বয়সী সেলিম খান গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণ হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। পরে তার একটি ছোট অস্ত্রোপচারও করা হয়।

হাসপাতাল সূত্রে এর আগে জানানো হয়েছিল, তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে লীলাবতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

অস্ত্রোপচারের দিন সেলিম খানের চিকিৎসক ডা. জলিল পার্কার এক বিবৃতিতে জানান, পরিবারের অনুরোধ অনুযায়ী তার শারীরিক অবস্থা নিয়ে আর কোনো মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না।

হাসপাতালে ভর্তি হওয়ার পর এটাই প্রথমবার পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য সামনে এলো। এর আগে খান পরিবারের কেউই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেননি।

আরও পড়ুন:
কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে 
তারকা হওয়ার আগে কঠিন লড়াই, প্রথম আয় কত ছিল ঐশ্বরিয়ার? 

তবে তাকে হাসপাতালে নেওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের অনেক সহকর্মীও সেখানে দেখতে যান। অভিনেতা আমির খান, চিত্রাঙ্গদা সিং ও ডেইজি শাহও জানিয়েছেন, সেলিম খান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।