২৭ বছরেই না ফেরার দেশে, নিজ বাড়িতে মিলল অভিনেতার মরদেহ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬
মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা হরি মুরালি। ছবি: সংগৃহীত

মালায়ালাম চলচ্চিত্র অঙ্গন থেকে এলো এক চাঞ্চল্যকর খবর। মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা হরি মুরালি। আজ (১২ মার্চ) সকালে কেরালার পৈয়ানুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

স্থানীয় সূত্রে ভারতের গণমাধ্যম জানাচ্ছে, আজ সকালে পৈয়ানুরে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে পৈয়ানুর বেবি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পৈয়ানুর পুলিশ।

অভিনয় যেন ছিল তার রক্তেই। মালায়ালাম থিয়েটারের পরিচিত শিল্পী কে এ মুরালি ও প্রসন্নার সন্তান হরি মুরালি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হলেও পরিচালক লাল জোসের ‘রসিকন’সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

শিশুশিল্পী হিসেবে মালায়ালাম সিনেমার বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন হরি। মামুট্টির ‘অন্নন থাম্পি’, ‘পট্টনাথিল ভূতম’, মোহনলালের ‘মাদাম্বি’, ‘ডন’, ‘টু হরিহর নগর’সহ প্রায় ৫০টি সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

কিছুদিন বিরতির পর পরিচালক নাদির শাহর ‘অমর আকবর অ্যান্থনি’ সিনেমাতে পৃথ্বীরাজের ভাইয়ের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি।

তবে বড় হওয়ার পর অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান হরি। কিন্তু চলচ্চিত্র অঙ্গন ছাড়েননি। পেশা হিসেবে বেছে নেন ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্স এডিটিং। বেঙ্গালুরু থেকে ভিজ্যুয়াল এফেক্টস ও অ্যানিমেশনের ওপর স্নাতক সম্পন্ন করার পর এর্নাকুলামের একটি প্রতিষ্ঠানে ভিএফএক্স শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। মালায়ালাম সিনেমার বিভিন্ন প্রকল্পে তার সৃজনশীল অবদান ছিল।

শিল্পী পরিবারে বেড়ে ওঠা হরি মুরালির বাবা কে এ মুরালি মালায়ালাম থিয়েটারের সুপরিচিত মুখ। আর তার কাকা বাবু আন্নুরও চলচ্চিত্র অঙ্গনের একজন দক্ষ অভিনেতা। ‘ওরু ইন্ডিয়ান প্রণয় কথা’ সিনেমায় তাকে অভিনেতা ফাহাদ ফাসিলের বাবার চরিত্রে দেখা গিয়েছিল।

এমন এক প্রতিভাবান তরুণের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম চলচ্চিত্র অঙ্গনে। এরই মধ্যে ইন্ডাস্ট্রির অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন:
কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে 
তারকা হওয়ার আগে কঠিন লড়াই, প্রথম আয় কত ছিল ঐশ্বরিয়ার? 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে হরি মুরালির মরদেহের ময়নাতদন্ত করা হবে। কী এমন মানসিক চাপ বা অভিমান তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল- সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পরিবার ও অনুরাগীদের মনে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।