‘ধুরন্ধর ২’ কাঁপানোর পর নতুন রূপে আসছেন অক্ষয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ৩০ মার্চ ২০২৬
অক্ষয় খান্না। ছবি: সংগৃহীত

বলিউডে ‘ধুরন্ধর’র সাফল্যের পর এবার নতুন মঞ্চে পা রাখছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। প্রথমবারের মতো তেলুগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। ‘মহাকালী’ নামের এই সিনেমায় তাকে দেখা যাবে পৌরাণিক চরিত্র শুক্রাচার্যের ভূমিকায়।

গত ২৮ মার্চ নিজের জন্মদিন উপলক্ষে পরিচালক প্রশান্ত বর্মা সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও শেয়ার করেন। সেখানে অক্ষয় খান্নাকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে, যা এরই মধ্যে ভক্তদের মাঝে উচ্ছ্বাস তৈরি করেছে। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রশান্ত বর্মা লেখেন, অক্ষয় একজন দক্ষ ও বিরল প্রতিভার অভিনেতা, যার অভিনয় প্রকাশের জন্য সবসময় সংলাপের প্রয়োজন হয় না। তার সঙ্গে কাজ করা নিজের জন্য সম্মানের বলেও উল্লেখ করেন এই নির্মাতা।

জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী ভূমি শেঠি। নির্মাতাদের দাবি, এই সিনেমার মাধ্যমে দর্শক প্রথম নারী সুপারহিরোর দেখা পাবেন। সিনেমাটি পরিচালনা করছেন পূজা অপর্ণা কল্লুরু। এতে অক্ষয় খান্নার চরিত্র শুক্রাচার্যকে তুলে ধরা হবে ‘চিরন্তন অসুর গুরু’ হিসেবে, যা গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতারা।

এদিকে ‘মহাকালী’র পাশাপাশি আরও একটি বড় প্রজেক্ট ‘ইক্কা’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় খান্না। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। এতে তার সঙ্গে দেখা যাবে সানি দেওলকে।

আরও পড়ুন:
‘রাক্ষস’ দিয়ে আলোচনায় ঢালিউডের নতুন ভিলেন
‘ভালো মা’ হতে সদগুরুর কাছে থেকে পরামর্শ নিলেন আলিয়া

শোনা যাচ্ছে, এ সিনেমাতে অক্ষয় খান্না মূল খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া ‘ইক্কা’ সিনেমাতে আরও অভিনয় করছেন দিয়া মির্জা, তিলোত্তমা সোম ও সানজিদা শেখ। সিনেমাটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে। সব মিলিয়ে, বলিউডের পর এবার দক্ষিণী সিনেমাতেও নিজের অভিনয়ের ছাপ রাখতে প্রস্তুত অক্ষয় খান্না।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।