প্রথমবার ভোট দিয়ে ন্যান্সি, ‘আর কিছুদিন পর হলে মেয়েও ভোটার হতো’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ন্যান্সি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও অংশ নিচ্ছেন ভোটযজ্ঞে। এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

ভোট দিয়ে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে অনুভূতি ভাগ করে ন্যান্সি বলেন, ‘ঢাকা থেকে এসে ভোট দিলাম। একদমই কষ্ট মনে হচ্ছে না, বরং খুব স্বার্থক লাগছে। তবে একই সঙ্গে একটু খারাপও লাগছে। কারণ এটা আমার জীবনের প্রথম ভোট।’

এর আগে কেন ভোট দিতে পারেননি, সে বিষয়ে তিনি বলেন, ‘যখন প্রথম ভোটার হই, সে সময় অসুস্থ ছিলাম। পরে যে কয়েকবার নির্বাচন হয়েছে, সেগুলোতে ভোট দেওয়ার পরিবেশ ছিল না। ২০১৮ সালে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি লাল কাপড় দিয়ে ঢাকা। ভোট দেওয়ার কোনো সুযোগ পাইনি।’

এবারের নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি আরও বলেন, ‘আরও কয়েক মাস পর, অর্থাৎ এপ্রিলের পরে নির্বাচন হলে আমার মেয়ে রোদেলাও ভোটার হয়ে যেত। ভাবতেই ভালো লাগছে আমি প্রথমবার ভোট দিচ্ছি, আর কিছুদিন পর আমার মেয়েও এই অধিকার পেত।’

তিনি জানান, ভোটকেন্দ্রে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি তাকে আশাবাদী করেছে।

আজ সকাল ৮টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।