আলমগীরের ভাই সংগীতশিল্পী দস্তগীর হক মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
দস্তগীর হক

‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দস্তগীর হকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে মাসাব হক।

মাসাব হক জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ৬ ফেব্রুয়ারি তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে দস্তগীর হকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, দস্তগীর হক ছিলেন একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সন্তান। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত প্রথম বাংলাদেশি গিটারবাদক নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানের সংগীতাঙ্গনের আলোচিত শিল্পী আলমগীর হকের ছোট ভাই। তার বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

১৯৭২ সালে গঠিত ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ডসংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সে সময়ের তরুণসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।