নায়ক ওমর সানীর রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নায়ক ওমর সানীর রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানীর মালিকানাধীন মানিকগঞ্জের ‘চাপওয়ালা’র শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টের দুই কর্মচারী গ্রেফতার হয়েছে। এক কাস্টমারকে কুপিয়ে জখম ও কয়েকজনকে মারধরের ঘটনায় তাদের গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

রোববার (১৬ ডিসেম্বর) গভীর রাতে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন জীবন (২৫) ও মুন্না (২২)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় অবস্থিত ‘চাপওয়ালা’র শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টে ভুক্তভোগী মো. আতিকুর রহমান খান তার চার-পাঁচজন বন্ধুকে নিয়ে খাবার খেতে যান। সেখানে কয়েকজন নারী কাস্টমারের সঙ্গে আসামিদের দুর্ব্যবহার ও অনৈতিক আচরণ করতে দেখে তারা প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।


গ্রেফতার হওয়া জীবন ও মুন্না

একপর্যায়ে আসামিরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে আতিকুর রহমান ও তার বন্ধুদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা প্রাণভয়ে মূল সড়কের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আসামি মো. ইমরান ধারালো ছুরি দিয়ে আতিকুর রহমানের পিঠে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। পরে আসামি লিখন লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। অন্য আসামিরাও তাকে ও তার বন্ধুদের মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী আতিকুর রহমান খানের চাচা মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে একটি মামলা করেন।

 

মো. সজল আলী/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।