কেন বিয়ে করতে ভয় পান জনপ্রিয় এই অভিনেত্রী
‘আপনি কখন বিয়ে করবেন?’ দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে ঘিরে সেই প্রশ্ন উঠছে। তবে কখনোই প্রশ্নটির উত্তর তিনি দেননি। তিনি ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। অনুরাগীদের কাছে সবসময়ই বিয়ে নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন এই তারকা।
অবশেষে সবার কৌতূহল মিটিয়ে সম্প্রতি নিজের অনুভূতি খোলাসা করেন শ্রীমা। তিনি সরাসরি বলেন, বিয়ে করাকে তিনি ভয় পান। সেজন্যই এখনো সিঙ্গেল রয়ে গেছেন।
অভিনেত্রী বলেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। আসলে বিয়ে নিয়ে একটু ভয় পাই। চারদিকে এত নেতিবাচক খবর শোনা যায়। এখনই বিয়ে নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। নিজের মতো ঘুরে বেড়াই, কাজও করি। এই স্বাধীনতা খুব উপভোগ করছি।’
তিনি সম্প্রতি গঙ্গার ঘাটে ঘুরে আসেন এবং কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করেন।
শ্রীমা ভট্টাচার্য ২০১৬ সালে কালার্স বাংলার ‘নাগলীলা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর জি বাংলার ‘জামাই রাজা’ ধারাবাহিকে ‘নীলাশা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি অভিনয় করেছেন মহাপ্রভু শ্রী চৈতন্য (বিষ্ণুপ্রিয়া চরিত্রে), বেদের মেয়ে জ্যোৎস্না (রোহিণী চরিত্রে) এবং স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে দ্যুতি চরিত্রে।
২০১৯ সালে শ্রীমা ‘টেকো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজ- সবমিলিয়ে শ্রীমা ভট্টাচার্য বর্তমানে তার পেশাগত জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করছেন।
এলআইএ