ফেসবুক পেজ ফিরে পেতে প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন কুদ্দুস বয়াতি
জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি তার স্বভাবসুলভ রসিকতা দিয়ে ভক্তদের মাঝে সবসময়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে তিনি অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে আসছিলেন।
তবে এবার ব্যক্তিগত এক সমস্যার কারণে নিজের ২৮ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এই শিল্পী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বিষয়টি খোলামেলা আলোচনায় তুলে ধরেন।
কুদ্দুস বয়াতি বলেন, তার নামে থাকা পেজে বিপুলসংখ্যক অনুসারী থাকলেও নানা জটিলতার কারণে সেটি বিক্রি করে দিতে হয়েছে।
তিনি জানান, লেখাপড়া না জানার সুযোগ নিয়ে ক্রেতা কাগজপত্র নিজের নামে করে নিয়েছেন এবং পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। ফলে পেজ থেকে আয় হলেও সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি আরও বলেন, ‘আমার নামের পেজে ২৮ লাখ মানুষ আছে। তারা নতুন গান শুনতে পারে না। এটা আমার জন্য কষ্টের। এখন কেউ যদি আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে সহায়তা করে, তাহলে আমি পেজটি আবার ফিরে পেতে পারি।’
এ বিষয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও সহায়তা কামনা করেন। তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইছি।’
কুদ্দুস বয়াতি অভিযোগ করেন, পেজ ফেরত চাইতে গেলে বর্তমান মালিক তাকে হুমকিও দিচ্ছেন। ফলে তিনি এখন চরম হতাশায় ভুগছেন এবং নিজের কাজ ভক্তদের সামনে তুলে ধরতে পারছেন না। শৈশব থেকেই গান-বাজনার প্রতি আগ্রহী কুদ্দুস বয়াতি দেশের বিভিন্ন অঞ্চলে পালাগানের আসরে সুনাম কুড়িয়েছেন। হুমায়ূন আহমেদ রচিত ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানের মাধ্যমে ১৯৯২ সালে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর থেকে একের পর এক গান দিয়ে শ্রোতাদের মন জয় করেন এই শিল্পী।
করোনাকালেও সচেতনতামূলক গান ‘জাইনা চলেন, মাইনা চলেন’-এর মাধ্যমে দেশবাসীর পাশে দাঁড়ান তিনি। দেশ-বিদেশে গান গেয়ে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কুদ্দুস বয়াতি।
এমআই/এলআইএ