গানে গানে তারকাদের নাটকে জমবে ঈদের ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ মার্চ ২০২৬
গানে গানে তারকাদের নাটকে জমবে ঈদের ‘ইত্যাদি’

ঈদ এলেই দর্শকদের বাড়তি আনন্দ দেয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে নানা চমক নিয়ে হাজির হচ্ছে অনুষ্ঠানটি। এবারের বিশেষ পর্বে থাকছে একাধিক তারকাকে নিয়ে তৈরি চারটি মিউজিক্যাল ড্রামা। সেটি ঘিরেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানা বাস্তবতা ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তিনটি ভিন্নধর্মী মিউজিক্যাল ড্রামা। এসব নাটকে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

আরেকটি মিউজিক্যাল ড্রামায় সমাজে বাড়তে থাকা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে।

মিউজিক্যাল ড্রামাগুলোর গানে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

এবারের বিশেষ আকর্ষণ হিসেবে শবনম বুবলী গায়িকা হিসেবে অভিষেক করছেন। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। পাশাপাশি থাকছে হাবিব ওয়াহিদের গান ‘বুঝি নাই তো আগে’। এর কথা লিখেছেন এস এ হক অলীক।

দর্শকপর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোশাররফ করিম। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি-র নৃত্যসহ নিয়মিত আয়োজনও থাকছে।

ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পর্বটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন-এ প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।