ঢেকে রাখা যায়নি চমক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৪ মার্চ ২০২৬
মাশা ইসলাম। ছবি: ফেসবুক থেকে

‘টেকা পাখি’ গেয়ে বিপুল পরিচিতি পেয়েছিলেন তরুণ কণ্ঠশিল্পী মাশা ইসলাম। মন দিয়ে যারা গানটি শুনেছেন, তারা একবাক্যে স্বীকার করবেন, সেটি কেবল গান গাওয়া ছিল না, রীতিমতো কণ্ঠ-অভিনয়! সেই মাশা এবার আসছেন সশরীরে, অভিনয় করবেন ঈদের সিনেমায়!

সম্প্রতি মাশাকে পাওয়া যায় একটি সান্ধ্য আড্ডায়। ঈদুল ফিতরে ‍মুক্তি প্রতীক্ষিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শিল্পী-কুশলীদের সেই আড্ডায় মাশাকে দেখে সবাই বুঝতে পারেন, এই ছবিতেও নতুন কোনো হৃদয়গ্রাহী গানে কণ্ঠ দিচ্ছেন মাশা। অতি উৎসুক কেউ কেউ জানতে চাইলে মাশা বলেন, ‘আছি ছবিটার সঙ্গে।’

দর্শককে চমকে দিতে চেয়েছিলেন ‘বনলতা এক্সপ্রেস’ ছবির পরিচালক তানিম নূর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবি বানিয়েছেন তিনি। সেখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শরিফুল ইসলাম রাজ, শামীমা নাজনীন, এ কে আজাদ সেতু, শ্যামল মাওলার মতো চেনা তারকারা। সেই তালিকায় যোগ করা হয়েছিল মাশা ইসলামকে। কিন্তু চমক আর ঢেকে রাখা যায়নি। সবাই এরই মধ্যে জেনে গেছেন যে, মাশার অভিষেক হচ্ছে ঈদুল ফিতরের ছবিতে।

ঢেকে রাখা যায়নি চমক

তাহসান খানের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘একটুখানি মন’ গাওয়া মাশা করতে যাচ্ছেন অভিনয়! কিন্তু কীভাবে? জানতে চাইলে মাশা বলেন, ‘আমি তানিম নূর ভাইয়ের ভক্ত হয়ে গেছি। “উৎসব”-এর পর আমার মনে হয়েছে আমি “বনলতা এক্সপ্রেস”-এ উঠতে চাই! এক আড্ডায় সাহস করে তাই বলেই ফেললাম, আমি এই প্রজেক্টে থাকতে চাই, সেটা যেভাবেই হোক। এই টিমে কাজ করতে চাই।’

মেধাবী মাশার কণ্ঠ পছন্দ করেন তানিম নূর। তরুণ শিল্পীর আগ্রহ ফেলতে পারেননি তিনি। একদিন বললেন, ‘একটা ক্যারেক্টারের জন্য অডিশন দিবা?’ মাশাও দেরি করেননি। অডিশনটা দিয়েছিলেন। রীতিমতো ফোনে ভিডিও রেকর্ড করে পাঠিয়েছিলেন। সেই ভিডিও ক্লিপে মাশা হয়েছিলেন ‘লিলি’ নামের একটি চরিত্র! তারপর তিনি পেয়ে যান শুটিংয়ের তারিখ। মাশা বলেন, ‘চরিত্র পেলাম একটা। ফোনে পরিচালককে জিজ্ঞেস করেছিলাম, আমাকে নিচ্ছেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, তুমি আছো।’

ঢেকে রাখা যায়নি চমক

মাশা আরও বলেন, ‘আগে বিজ্ঞাপন করেছি। ছবিতে অভিনয় রীতিমতো স্বপ্ন আমার। এর চেয়ে ভালো অভিষেক কি আর হতে পারে? যদিও আমার চরিত্রটা খুবই ছোট। কিন্তু আমি নিশ্চিত, দর্শক এটা পছন্দ করবেন। কারণ আমি ওই ছোট্ট চরিত্রটাতে আমার সবটা উজাড় করে দিয়েছি।’

নাচ শিখেছেন। করছিলেন গান। নতুন নতুন সব কাজ করার জন্য মুখিয়ে আছেন এই তরুণ শিল্পী। বললেন, ‘সামনে আমাকে নানান রকম সব কাজে পাবেন।’ আপাতত ‘বনলতা এক্সপ্রেস’-এ করা কাজটুকুর জন্য শুভ কামনা প্রত্যাশা করেছেন তিনি।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।